রাজধানীর ফকিরাপুলে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও মডার্ন ডায়াগনোস্টিক সেন্টারের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হাজী ছাকাওয়াত-আনোয়ারা ভবন নামে এ ভবনের উদ্বোধন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এ ভবনের উদ্বোধন করেন বলে এতে বলা হয়েছে।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও মডার্ন ডায়াগনোস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খান এমপির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

এছাড়াও অংশ নেন মডার্ন হেলথ গ্রুপ অব কোম্পানিজের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. এ. ইউ. এম. মুহসীন, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এম. এ. করিম, প্রফেসর ডা. এহতেশামুল হক, সমাজসেবক সাব্বির ইসলাম, মোজাম্মেল হক।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, কিছু পেশা আছে যেগুলো অনেক সম্মানের। এর মধ্যে চিকিৎসা অন্যতম। চিকিৎসক ও সেবিকারা রাত-দিন সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে সেবাধর্মী যে কোনো কাজই মহৎ।

সেবার পরিধি বাড়ানোয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ সময় চিকিৎসা সংক্রান্ত স্মৃতিচারণ করে ডেপুটি স্পিকার বলেন, ‘আমার দুটি সন্তান অকালে মারা গেছে। তার বড় ছেলেকে চিকিৎসার জন্য থাইল্যন্ডে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাকে অনেকদিন চিকিৎসা দিতে হয়েছিল। থাইদের একটা সমস্যা তারা সহজে ইংরেজি বলতে চায় না। এজন্য আমারা একজন সেবিকা চাচ্ছিলাম যে ভালো ইংরেজি বলতে পারে। তাদেরকে এটা জানানোর পর এমন একজন সেবিকা দেন যে ভালো ইংরেজি বলতে পারে। সেই সেবিকা ছিলো যথেষ্ট সুন্দরী। আমি কৌতূহলবশত তার পরিবার সম্পর্কে জানতে চাইলাম। সে জানালো তার স্বামী একজন ইঞ্জিনিয়ার। আমি অবাক হয়ে বললাম তোমার স্বামী ইঞ্জিনিয়ার আর তুমি এই কাজ (সেবিকা) করছো। সে অবাক হয়ে আমাকে বলে কেন এটাও তো অনেক সম্মানের কাজ। আমি এখানে সেবা দিতে এসেছি।’

স্বাগত বক্তব্যে অনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খান এমপি বলেন, ‘এই এলাকার মানুষ আমাদের অনেক আপন। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এর প্রধান কারণ আমাদের শুরুটা এখান থেকেই। আমরা যা কিছু করেছি তার জন্য এই ফকিরাপুলের একটা অবদান আছে। এটা আমার বাবার আমল থেকেই শুরু। এই জমিটা আমার বাবার ছিল। আমরা ৩২ বছর ধরে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছি। আমারা এই ফকিরাপুল ছেড়ে বিভিন্ন জায়গায় শাখা করলেও এই ফকিরাপুলই আমাদের শেকড়। এটা ভালোবাসার জায়গা।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা (শিমু)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *