ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার যশোরের উদ্যোগে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং এএনএম তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার বিএমএ সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান এবং যশোর ইন্টার্ন চিকিৎসক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. হিমাদ্রি শেখর সরকার। স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা যশোর হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কামরুল ইসলাম বেনু বলেন, কোভিড রোগীদের চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসায় ইবনে সিনা যশোর হাসপাতাল যেভাবে যশোরের জনমানুষের পাশে দাড়িয়েছে তা প্রশংসনীয়। ইন্টার্ন চিকিৎসকদের সম্মানে এ ধরনের সভা আয়োজন করায় তিনি ইবনে সিনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ইবনে সিনা যশোর হাসপতাল একটি সমন্বিত চিকিৎসা কেন্দ্র। ফলে এ অঞ্চলের রোগীদের ঢাকা কিংবা অন্যত্র যাওয়ার প্রয়োজন হবে না। তিনি আরো বলেন, ইন্টার্ন চিকিৎসকগণই আগামীর বাংলাদেশের চিকিৎসা সেবার নেতৃত্ব দিবে। ইবনে সিনা সবসময়ই তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে যশোর মেডিকেল কলেজের অর্ধশতাধিক ইন্টার্ন চিকিৎসকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ সেক্রেটারী ডা. মো. শাহাজাদ জাহান দিহান, ইবনে সিনা যশোর হাসপাতালের ম্যানেজার এডমিন মোহাম্মদ সাইফুল্লাহ, যশোর জোন মার্কেটিং ইনচার্জ আসিফ নেওয়াজ প্রমুখ।