দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। লকডাউন কঠোরভাবে পালনের জন্য সেনা মোতায়েনেরও অনুরোধ করেন তিনি।

ইরানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে বৃহস্পতিবার চিঠি লিখে এ অনুরোধ জানান সাইদ। রোববার দেশটির গণমাধ্যমে এ চিঠির খবর প্রকাশ করা হয়।

চিঠিতে তিনি লিখেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। অনতিবিলম্বে আমাদের সংক্রমণ কমিয়ে আনতে হবে।

দেশটিতে করোনার পঞ্চম ঢেউ আঘাত হেনেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এবারের ধাক্কা আরও বেশি ভয়ংকর ও সর্বনাশা হতে পারে। দেশে হাসপাতালের সংকট না থাকলেও স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দেবে।

এর আগেও গত সপ্তাহে দেশটির ৬৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবং বিভাগীয় প্রধানরা সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে চিঠির মাধ্যমে লকডাউন জারি করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *