সৌদি-মার্কিন জোটের আগ্রাসনের কারণে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কাল। এর ফলে প্রতিদিন গড়ে এক হাজার শিশু মারা যাচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি জানান, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোও চিকিৎসা ক্ষেত্রে সাহায্য পাঠাতে পারছে না। চিকিৎসার অভাবেই সবচেয়ে বেশি শিশুর প্রাণহানি ঘটছে। আগ্রাসী বাহিনী হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রে সরাসরি হামলা চালাচ্ছে। স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এ পর্যন্ত ছয় হাজার নারী গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মানবিক বিপর্যয় মোকাবেলায় সানা বিমান বন্দর খুলে দেওয়া দরকার। যুদ্ধের কারণে ইয়েমেনের চিকিৎসা সরঞ্জামের ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসা, জরুরি স্বাস্থ্য সরঞ্জাম এবং ওষুধ আনতে বাধা দিয়ে সৌদি সরকার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশু ও গর্ভবতী নারীরা।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে সৌদি আরবের দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে অবরোধ আরোপ ও হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে করে ইয়েমেনে খাদ্য, চিকিৎসাসহ সকল নিত্য প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে মানবেতর জীবন যাপন করছে দেশটির সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *