করোনাভাইরাস রোগীর চিকিৎসায় বিরাট সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন থাইল্যান্ডের গবেষকরা। জানা গেছে, দুটি এন্টিভাইরাল ড্রাগের মিশ্রণকে এই চিকিৎসায় ব্যবহার করা হয়েছে।

থাই গবেষকরা জানান, এই মিশ্রণটি সাধারণত এইচআইভি আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত হয়।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওষুধের ওই মিশ্রণটি যে রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে তিনি ‘মারাত্মক অবস্থায়’ ছিলেন। এরপর ৪৮ ঘন্টার মধ্যে তাকে রোগ-মুক্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ডাঃ ক্রিয়াংসাক আটিপর্নোনিচ তার মেডিকেল ব্রিফিংয়ে জানান, ওই ওষুধগুলি মূলত এইচআইভি এবং ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা সফল পরীক্ষা ছিল।

থাইল্যান্ডে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৯ জন আক্রান্ত ব্যক্তির খবর মিলেছে। ১১ রোগী এখনও হাসপাতালে রয়েছেন। বাকিরা বাড়ি ফিরে যেতে পেরেছেন।

থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্যমন্ত্রী অনুটিন চানভিরাকুল বলেছেন, চীনে মেডিকেল স্ক্রিনিং পাস করার পর ৪ ফেব্রুয়ারি উহান থেকে শতাধিক লোককে দেশে ফিরিয়ে আনা হবে।

এরপরে তারা থাইল্যান্ডে ফিরে এলে ১৪ দিনের জন্য তাদেরকে পৃথকভাবে পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে চীনের বাইরে এই প্রথম ফিলিপাইনে করোনাভাইরাস রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর এই খবরের সাথে সাথে থাইল্যান্ডে ওই ড্রাগের সাফল্যের খবরটি এসেছে।

৪৪ বছর বয়সী করোনাভাইরাস রোগী চীন থেকে ২৪ জানুয়ারি ম্যানিলায় ফিরে আসেন। এরপর তিনি ম্যানিলায় সান লাজারো হাসপাতালে ভর্তি হন।
এ সময় তিনি জ্বর, কাশি এবং গলা ব্যথায় ভুগছিলেন।

এবিসি নিউজ জানিয়েছে, তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন।

ফিলিপাইনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগী অবস্থা স্থিতিশীল ছিল এবং উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল। তবে তার চিকিৎসার শেষ ২৪ ঘন্টার মধ্যে দ্রুত অবনতি ফলে মৃত্যু ঘটে।

সূত্র : ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *