ডা. তাইফুর রহমান :
স্যার, কি খাইলে ওজন কমবে?
মোটা, থলথলে মানুষটা আর্তি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে।
একটা করুন হাসি ফুটলো আমার মুখে। কি না খেলে ওজন কমবে সেটা জিজ্ঞেস করুন।
আসলেই একটা কঠিন প্রশ্ন! ওজন কমানো যেন এক অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই শান্তিহীন সুখের সমাজে।
সুখের সমস্ত উপকরণ এখানে সহজলভ্য। কায়িক পরিশ্রম বিহীন ব্রেইনের দূরন্ত গতিতে ছুটে চলা। ক্যলরিতে ভরপুর অখাদ্য গলাধঃকরণ করে, মায়াবী আলোয় সাজানো মখমলের বিছানায় শুয়ে এপাশ-ওপাশ, নির্ঘুম রাত সুখের ঠিকানা দিলেও শান্তির পরশ দিতে পারেনি ।
কায়িকশ্রমহীন লাইফস্টাইলেই বাড়ছে আমাদের ওজন। সুতরাং পাল্টাতে হবে জীবনের নিয়ম।
কিছু পরীক্ষা -নীরিক্ষা করে দেখতে হবে হরমোনাল কোনো কারণ আছে কিনা।
থাইরয়েড হরমোন স্বল্পতা ও পলিসিস্টিক ওভারীয়ান সিন্ড্রোমে ওজন বাড়ে। সুতরাং রোগ নির্ণয় করে জরুরী চিকিৎসা প্রয়োজন। কিছু ঔষধও ওজন বাড়ায়, স্টেরয়েড, ইনসুলিন।
বাঁদরের তৈলাক্ত বাশ বেয়ে উঠার মতোই আমরা ওজন নিয়ে টানাটানি করি। স্ট্রিক্ট ডায়েটিং করে একমাসে কিছুটা ওজন কমালাম তো পরবর্তী মাসে সেটা সুদে -আসলে পুষিয়ে দেই।
ডায়েটিং করতে করতে কখনো অপুষ্টিতে ভুগি, অসুস্থ হয়ে যাই, মাথার চুল অর্ধেক হয়ে যায়।
অনেককে দেখি পার্কে ব্য়াাঁম সেরে পুরো গ্রুপ নিয়ে হোটেল ডায়না বা কিং রেস্টুরেন্টে খাসির পায়া দিয়ে কিং এর মতো পেট পুরে খাচ্ছে।
জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, কেটে ফেলার দরকার নাই। ওজন নিয়ন্ত্রণ করুন আনন্দের সাথে, চোখের জলে নয়। রাত্রিভর ক্ষুধার যন্ত্রণায় এপাশ -ওপাশ করে ওজন কমাতে যাবেন না।
” মাংসে মাংস বাড়ে, দুধে বাড়ে বল
কথায় কথা বাড়ে, শাকে বাড়ে মল।”
কথাটা চমৎকার। কিছুদিন মাংস খাওয়া বন্ধ রাখুন। ভাতের পরিমাণ কমিয়ে ফেলুন, প্রচুর সবজি খান। খাবার আস্তে খান। এতে করে আপনার সেটাইটি সেন্টার স্টিমুলেটেড হয়ে অল্প খাবারেই তৃপ্তি চলে আসবে।
আমার ব্যক্তিগত একটা পদ্ধতি হলো —
সচরাচর যতটুকু ভাত খান সেটা নিয়ে বসুন। শেষ এক/দুই লোকমা ভাত রেখে দিন। পানি খেয়ে পেটটা ভরে ফেলুন।
যদি খালি খালি লাগে একটু শশা বা একটা আপেল খেয়ে ফেলুন।
এক সপ্তাহ পর দুই লোকমা কম নিয়ে বসুন। সেখান থেকেও এক লোকমা রেখে দিন।
এভাবে কমাতে কমাতে আধা প্লেট ভাতে নিয়ে আসুন। দেখবেন একসময় এর বেশি খেতেই পারবেন না।
সাথে প্রচুর হাঁটুন।
এভাবে একবার একমাসে ৯ কেজি ওজন কমিয়েছিলাম।
নাহ্। এটা বিজ্ঞান সম্মত হয়নি। কারন Centre for Disease Control & prevention (CDC) এর রিকমেন্ডেশন হলো সপ্তাহে ১-২ পাউন্ড, মাসে ৪-৮ পাউন্ড। এটাই স্বাস্থ্য সম্মত।
ওজন কমানোর কয়েকটি টিপস হলো–
১. সকালে হাই প্রোটিন ব্রেকফাস্ট।
২.চিনি ও চিনিযুক্ত খাবার বর্জন করুন।
৩.খাওয়ার আধা ঘণ্টা আগে পানি খান।
৪. ওজন কমানো খাবার খান।
৫. প্রচুর ফাইবার জাতীয় খাবার খান।
৬. কফি বা চা খান।
৭. ফাস্ট ফুড খাবেন না।
৮. টিভি দেখতে দেখতে বা মোবাইলে গেমস খেলতে খেলতে খাবেন না।
৯. আস্তে আস্তে খান।
বাজারে ওজন কমানোর কিছু ঔষধ আছে বৈকি, আজো সুফল দেখলাম না।
মরবিড ওবেসিটিতে লাইপোসাকশন করা যায়। তবে পাকস্থলীতে সার্জারী করে এরিয়া কমিয়ে ফেলাটাই বেশি কার্যকর এবং স্বাস্থ্যসম্মত। আদনান সামী ও মেরাডোনা এই প্রক্রিয়ায় সফল হয়েছেন।
ওজন কমানো নয় অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলুন। শরীরটাকে রোগা বানিয়ে ফেলবেন না, সুঠাম করুন ।
এটা একটা চলমান প্রক্রিয়া।