করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নিহতের সংখ্যা বেড়ে তিনশ চার জনে দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা আজ রবিবার এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সে দেশে এখন পর্যন্ত ১৪ হাজার তিনশ ৮০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সে দেশে ৪৫ জন মারা গেছে এবং করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন অন্তত ২০ হাজার মানুষ। তার মধ্যে দুই হাজার পাঁচশ ৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
চীনে বর্তমানে এক লাখ ৩৭ হাজার মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে তিনশ ২৮ জনকে সুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
এরই মধ্যে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী ব্যাপক বেড়ে গেছে মাস্কের চাহিদা। পরিস্থিতি বিবেচনা করে মাস্ক রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।