নতুন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এমন তথ্য উঠে এসেছে রংপুরে আয়োজিত এক সেমিনার থেকে। ‘করোনাভাইরাস, চিন্তিত হলেও আতঙ্কিত নয়’- এ শিরোনামে আজ রবিবার জনসচেতনতার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি), রংপুর।
প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ, রংপুর এর মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুজিবুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক, ভেটেরিনারিয়ান, আইআইএএসটি এর বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাসহ বিভিন্ন পেশার লোকজন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুনোটিক ডিজিজ বিশেষজ্ঞ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান।
আইআইএএসটি, রংপুরের অধ্যক্ষ মহসীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচসা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাকিমুল হক।
বক্তারা বলেন, এই করোনাভাইরাস ১৯৬০ এর দশকে প্রথম আবিস্কৃত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে ভাইরাসটির আরো বেশ কিছ প্রজাতি পাওয়া যায়। যার মধ্যে উল্লেখ্যযোগ্য সর্বশেষ ২০১৯ সাল চীনে নোবেল করোনাভাইরাস যা উহান সি-ফুড মার্কেট নিউমোনিয়া ভাইরাস নামেও পরিচিত। তবে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের সাথে সাথে ২৮টি দেশে করোনাভাইরাস সংক্রমনের খবর পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি। এ রোগে মৃত্যুর হার প্রায় ২ শতাংশ। নতুন করোনাভাইরাস নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।