যারা করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দুই ডোজ টিকা নিয়েছেন তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিএসএমএমইউয়ের প্রো-ভিসি ডা. মো. জাহিদ হোসেন গবেষণাটি পরিচালনাকারীদের একজন। তিনি বলেন, ‌‘যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে দুই ডোজ টিকা নিয়েছেন তাদের অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

তিনি জানান, এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোভিডের টিকা নেওয়া ২০৯ জনের ওপর এই গবেষণা চালানো হয়।
ডা. মো. জাহিদ হোসেন বলেন, ‘যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের মধ্যে ৩১% অংশগ্রহণকারী টিকা নেওয়ার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আর ৬৯ শতাংশ অংশগ্রহণকারী কোভিডে আক্রান্ত হননি। এর মধ্যে যাদের কোভিডের ইতিহাস ছিল তাদের মধ্যে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

গবেষণায় আরও জানা যায়, যারা দুটি ডোজ টিকা নেওয়া সম্পন্ন করেছেন তাদের অন্তত ৯৮% মানুষের দেহে রোগটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ২% মানুষের অ্যান্টিবডি তৈরি হয়নি। তবে এই দুই শতাংশ মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল বলে জানান অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, যে ৫-৬ জনের দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের একজনের বয়স ৯৩ বছরের বেশি ছিল। এ ছাড়া কেউ কেউ ক্যান্সারের মতো মারাত্মক রোগে ভুগছেন বলে জানা গেছে।

যাদের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে, তাদের সবার বয়স ৪০ থেকে শুরু করে ৯৩ বছর পর্যন্ত। তাদের মধ্যে চার ভাগের তিন ভাগই পুরুষ এবং স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *