অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক রবি মারজুক। শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে শহরের মুন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন তিনি।

এ ঘটনায় অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মুন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সন্ত্রাসীদের ছুরির আঘাতে ডা. রবি মারজুকের ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার ফুসফুসে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এতে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না তিনি। আঘাতের ধরণ দেখে মনে হয় মেরে ফেলার উদ্দেশ্যেই ডা. রবি মারজুকের ওপর হামলা করা হয়েছে।

সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রয়েল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে কুমিল্লার টমসমব্রিজ এলাকায় নামেন ডা. রবি মারজুক। সেখান থেকে কিছুদূর হেঁটে যাওয়ার পরই মুখোশধারী সন্ত্রাসীরা তাঁকে ঘিরে ধরে। এ সময় অস্ত্রের মুখে তাকে সেখানে অপেক্ষমান অটোবাইকে উঠতে বাধ্য করে তারা।

এরপর রবি মারজুকের বুকে-পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করতে থাকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে অটো-বাইক থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয় তারা। পরে পালিয়ে যাবার সময় ডা. মারজুকের পায়ের ওপর অটো-বাইক উঠিয়ে দেয় সন্ত্রাসীরা।

ঘটনার পরদিনই অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। কোতোয়ালি এবং সদর দক্ষিন দুই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার আশপাশের মানুষের জবানবন্দি নিয়েছেন ডিবি পুলিশের একটি টিম। দ্রুতই আসামি গ্রেপ্তারের আশ্বাস দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *