জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউর জন্য কেনা যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলার অভিযোগ এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এ রুল বিচারাধীন থাকাবস্থায় সদ্য অবসরকালীন ছুটিতে যাওয়া এনআইসিআরএইচের পরিচালক মোহাম্মদ মোয়াররফ হোসেনের অবসরকালীন সুবিধা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ বছর আগে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ জন্য আটটি উচ্চ মাত্রাসম্পন্ন আর্টিফিসিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর মেশিন কেনা হয়েছিল।
আইসিইউর জন্য অতি প্রয়োজনীয় এ যন্ত্রগুলোর প্রত্যেকটি ৭০ লাখ টাকায় কেনা হলেও আশ্চর্যজনকভাবে কখনোই সেগুলো স্থাপন করা হয়নি। ফলে আইসিইউতে সংকটাপন্ন রোগীদের চিকিত্সাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে। প্রতিবেদনটি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক।