করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে খুলনায়। গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালে দুই মাসের মধ্যে সর্বনিম্ন দুইজন মারা গেছেন। মৃত দুইজনই নারী।

রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনার ২টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুইজনের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন রয়েছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাট চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫) নামে এক রোগী মারা গেছেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২) নামের ১ রোগী মারা গেছেন।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *