খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও দুজন মারা গেছেন। ৯০ দিনের মধ্যে বিভাগে করোনায় এক দিনে সর্বনিম্ন মৃত্যু এটি। এ সময়ে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫২৬ জন। এর আগে করোনায় গত ৭ জুন ১ দিনে ২ জন মারা যান।
আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
গতকাল শনিবার বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেশি হয়েছে। শনাক্ত ও শনাক্তের হার বেড়েছে, তবে মৃত্যু কমেছে।
বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৭৩০ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এখানে ২৭ হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এরপর যশোরে ২১ হাজার ২৫২ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৩৪ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৫।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৩৫ জন যশোরে। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১৭, ঝিনাইদহ ১৩, খুলনায় ২১, নড়াইলে ১১, সাতক্ষীরায় ৪, বাগেরহাটে ১৩, মাগুরায় ১, মেহেরপুরে ৪ এবং কুষ্টিয়ায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩৬। মৃত্যুর হার ২ দশমিক ৭৭। করোনায় মারা যাওয়া সর্বশেষ দুজনের মধ্যে খুলনায় ও যশোরে একজন করে রয়েছেন।