গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, তিন দিনে নগরীর লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হবে। বয়স্ক লোকদের কাউন্সিলর অফিসে এনে বিশেষ ব্যবস্থায় টিকার ব্যবস্থা করা হবে। ভোটার আইডি দেখিয়ে নাগরিকরা টিকা নিতে পারবেন। প্রতিটি নাগরিককে করোনার টিকার আওতায় আনা হবে। কেউ টিকা থেকে বাদ যাবে না। টিকা নিলেও সকলকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।
শনিবার সকালে গাজীপুর মহানগরীর ৩৮নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচির মাধ্যমে ৫৭ ওয়ার্ডের ১৭১টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।
জানা গেছে, সকাল ৯টা থেকে শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। এ কাজে ৪০০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সহায়তা করে। প্রতি কেন্দ্রে ২৫ বছরের অধিক বয়সী ৬০০ জনকে টিকা দেয়া হলেও হাজার হাজার মানুষ টিকা কেন্দ্রে ভিড় করে।