চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত ১০ দিনে আসা পণ্যবাহী জাহাজের ৫১০ জন নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বন্দর স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, পরীক্ষায় কোনো নাবিকের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এ ছাড়া অন্য কোনো অসুস্থতার লক্ষণও পাওয়া যায়নি।

এদিকে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা গতকাল সোমবার তাঁর দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।

রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি বলে নিশ্চিত হয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি থাকা চীনফেরত অন্য শিক্ষার্থীকে গতকাল সরকারি নির্দেশে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দ্বিতীয় শিক্ষার্থীর করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তাঁর অন্য সমস্যা চিহ্নিত হয়েছে। কোনো ঝুঁকি না নিয়ে বা বিতর্ক এড়াতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরে স্বাস্থ্য পরীক্ষা

১ ফেব্রুয়ারি চীন থেকে আসা জাহাজগুলো বন্দর জেটিতে আসার পর নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জেটিতে আসার পর শুধু জ্বর মেপে করোনাভাইরাসের পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই চীন থেকে যেসব জাহাজ আসছে, সেগুলো জেটিতে ভিড়ানোর আগে বন্দরের বহির্নোঙরে থাকার সময় নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আর বন্দর জলসীমায় আসার পর জাহাজের ক্যাপ্টেন বন্দরের কাছে নাবিকদের স্বাস্থ্যবিষয়ক ঘোষণা দিচ্ছেন, যেটি যাচাই করে বন্দর জেটিতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। অথবা বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর অনুমতি দেওয়া হচ্ছে।

বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, গতকাল সোমবার বহির্নোঙরে দুটি জাহাজ এবং আগের দিন রোববার তিনটি জাহাজে গিয়ে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বন্দর থেকে তালিকা পাওয়ার পর বহির্নোঙরে গিয়ে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত কোনো নাবিকের করোনাভাইরাসসহ অন্য কোনো অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি।

বন্দর সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত এলাকা চীনের সাংহাই বন্দর থেকে ১৪ দিনের মাথায় গতকাল বন্দরের বহির্নোঙরে আসে এমভি কালামাতা ট্রেডার নামের একটি কনটেইনার জাহাজ। এরপরই এই জাহাজে উঠে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করান সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মো. আবছার উদ্দিন। জাহাজে শুধু জ্বর মেপে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কারও কোনো কাশি, সর্দিসহ করোনাভাইরাসের লক্ষণ আছে কি না, তা মুখে জেনে নেওয়া হয়।

জানতে চাইলে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আবছার বলেন, কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে ভাইরাসটি ওই ব্যক্তির গায়ে ২ থেকে ১০ দিন পর্যন্ত সুপ্তভাবে (ইনকিউবেশন) থাকতে পারে। এ সময়ের মধ্যে বা এরপর লক্ষণ প্রকাশ পায়। ফলে করোনাভাইরাসে আক্রান্ত হলে ১৪ দিন পর লক্ষণ প্রকাশ পেত। আর এই জাহাজটির নাবিকেরা চীনের বন্দরে জাহাজেই ছিলেন। এরপরও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার পর বন্দর কর্তৃপক্ষ জেটিতে ভিড়ানোর অনুমতি দিয়েছে।

এর আগে এমভি ইউনি হারভেস্ট নামে একটি পুরোনো জাহাজ বন্দর জলসীমায় আসার পর ওই জাহাজে থাকা ১৭ চীনা নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই ১৭ জন চীনা নাবিকের মধ্যে ১ জন চীন থেকে ওঠেন। পুরোনো জাহাজটি সীতাকুণ্ডে নেওয়ার পর নাবিকদের আকাশপথে চীনে যাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *