ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) রেজিস্ট্রার কার্ডিয়াক সার্জন ডা. শামসুল আরিফ মুসা মারা গেছেন।শনিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি গত চার বছর ধরে জিহ্বার ক্যান্সারে ভুগছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. মুসা ছিলেন মমেক-৩৬ ব্যাচের শিক্ষার্থী।

সামাজিক মাধ্যমে শোকের ছায়া

হাস্যোজ্জ্বল এ চিকিৎসকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ ও সহকর্মীরা ডা. মুসার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

তাঁর মৃত্যুর খবর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান আজ সন্ধ্যায় ফেসবুকে নিজের টাইমলাইনে বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র (ম-৩৬), রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের প্রিয় ডা. মুসা ভাই কিছুক্ষণ আগে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ জিহ্বার ক্যান্সারে ভুগছিলেন। তার বিদেহী আত্মার চিরশান্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওথোর‌্যাসিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রহমান এম শুভ এক পোস্টে বলেন, ‘চলে যাওয়া মানেই প্রস্থান নয়, চলে যাওয়া মানে আবার একদিন দেখা হবার উৎকণ্ঠা নিয়ে প্রবল আগ্রহে অপেক্ষা করা। প্রিয় বড়ভাই দেখা হবে আবার। ততো দিন ওপারে ভাল থাকুন। আমাকে হাতে ধরে আপনার আর LIMA Harvest শিখানো হলো না। নিজের প্রথম কেইসে আপনাকে নিয়ে করার ইচ্ছাটা আর পূর্ণ হবে না। কিছুই থেমে থাকে না ভাই, শুধু স্মৃতি আর মুখটাই যেন বেঁচে থাকে। আপনিও আমাদের মাঝেই বেঁচে থাকবেন। প্রতি মুহূর্তে যেভাবে নিঃস্বার্থভাবে আমাকে উৎসাহ দিয়ে যেতেন, তা আর কেউ কখনো দিবে বলেও মনে হয় না। কেউ পাশে দাঁড়ায়ে বলবে না, “তুই কর, কি আর আকাম করবি? কত আকাম আমি করছি? করতে থাক আমি আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *