এ বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও লেবানন বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম প্যাটাপোটিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

সুইডেনের রাজধানী স্টকহোমে আজ সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশে সময় দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়।

এই ঘোষণার আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন।

তার আগের বছরও চিকিৎসায় তিনজন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়েছিল।

আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নামের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা।

আগামী ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তবে করোনা মহামারির কারণে এবার বিজয়ীরা নিজ নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন।

সুইডেনের ব্যবসায়ী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এর পর থেকে প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি—এ পাঁচ শাখায় পুরস্কার দিয়ে আসছে নোবেল কমিটি। ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *