মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিটিউটের আইভিফ্লুইড কারখানা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে তিনি এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রী জনস্বাস্থ্য ইন্সটিটিউটের ওরস্যালাইন, ব্লাডব্যাগ, আইভিফ্লুইডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

এ সময় তাকে জানানো হয়, ইন্সটিটিউটের বিভিন্ন ইউনিট থেকে প্রতি বছর এক লাখেরও বেশি ব্লাডব্যাগ উৎপাদন হয়, যা দেশের মোট চাহিদার ৭ ভাগের ১ ভাগ চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে ঢাকার জনস্বাস্থ্য ইন্সটিটিউট, রংপুর, যশোর, কুমিল্লা আঞ্চলিক অফিস সব মিলিয়ে বছরে প্রায় সাড়ে ৩ কোটি প্যাক খাবার স্যালাইন উৎপাদন করছে। যা গোটা দেশে সরকারি হাসপাতালে বিনা মূল্যে প্রদান করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটিতে বছরে প্রায় ২ কোটি আইভিফ্লুইড উৎপাদন করা হয়। যা দেশের মোট চাহিদার ৮ ভাগের ১ ভাগ।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি অনেক পুরাতন। স্যাঁতসেঁতে ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় এটিকে নতুনভাবে সরকার কাজে লাগানোর ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা ভাবছে।

প্রতিষ্ঠানটিকে চিকিৎসা সরঞ্জমাদি উৎপাদনের কারখানা করার পাশাপাশি এটিকে আধুনিক রিসার্স সেন্টার করা যায় কি না, সে ব্যাপারেও গুরুত্ব দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *