বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে পাঁচদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ।
গতকাল রোববার (১৩ মার্চ) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান ও মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম জামাল এ কর্মসূচির উদ্বোধন করেন।
মুগদা মেডিকেলের কনসালটেন্ট ডা. আবু সাঈদ শিমুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ্য অধ্যাপক শামিমা পারভিন, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম, সহযোগী অধ্যাপক ডা. দিলারা আলোসহ প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের পাঁচ দিনব্যাপী বিশেষ সেবা দানের যে ব্যতিক্রমী কর্মসূচি শিশু বিভাগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ছাড়া প্রথম দিন নির্ধারিত পুষ্টি ও খাবার বিষয়ক পরামর্শ নিতে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে শিশুদের বিশেষ সেবা গুলোর মধ্যে রয়েছে–১৩ মার্চ (রবিবার ) শিশুদের অপুষ্টি, স্থুলতা নির্ণয় ও পরামর্শ, ১৪ মার্চ (সোমবার) শিশুদের হাঁপানি বা অ্যাজমা নির্ণয়, চিকিৎসা ও পরামর্শ, ১৫ মার্চ (মঙ্গলবার) শিশুদের মানসিক বিকাশ, বেড়ে ওঠা ও অটিজম সম্পর্কে পরামর্শ ও স্ক্রিনিং, ১৬ মার্চ (বুধবার) নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা এবং মায়ের দুধ খাওয়ানো নিয়ে পরামর্শ, ১৭ মার্চ বৃহস্পতিবার শিশু দিবস উদযাপন, কেক কাটা এবং শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ।
প্রসঙ্গত, নির্ধারিত তারিখগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত হাসপাতালের ২য় তলার শিশু বহির্বিভাগে পরামর্শ ও সেবা দেওয়া হবে।