টঙ্গী সরকারি হাসপাতালের এক নারী চিকিৎসককে যৌন হয়রানির অভিযোগে কথিত দুই সাংবাদিক মহিন উদ্দিন রিপন (৪৫) ও আব্দুল আলীমের (৩০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দা তানজিনা আফরিন বাদী হয়ে শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, ডা. সৈয়দা তানজিনা আফরিন গত এক বছর যাবৎ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এলাকায় সাংবাদিক পরিচয়দানকারী মহিন উদ্দিন রিপন হাসপাতালে ডিউটিরত অবস্থায় প্রায় সময়ই অপ্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে তার সঙ্গে খোশগল্পের ছলে সরকারি কাজে ব্যাঘাত ঘটাতেন। ইতোপূর্বেও ওই নারী চিকিৎসক রিপনকে মৌখিকভাবে অনেকবার এসব কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ জানালেও তিনি হাসপাতালে এসে বিরক্ত করতে থাকেন।
একপর্যায়ে গত ২০ ডিসেম্বর শুক্রবার সকালে হাসপাতালে ডিউটিরত অবস্থায় কক্ষের সামনে দাঁড়িয়ে থাকলে মহিন উদ্দিন রিপন অপর কথিত সাংবাদিক আব্দুল আলীমকে সঙ্গে নিয়ে এসে তার ডান হাত ধরে তাদের দিকে টান দেন। বিরূপ পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তার কক্ষে গিয়ে দরজা আটকিয়ে দেন এবং ডাকচিৎকার শুরু করেন। এসময় হাসপাতালের কর্মীরা ছুটে এলে মহিন উদ্দিন রিপন ও আব্দুল আলীম পালিয়ে যান। পরে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী)/০৩) এর ১০/৩০ ধারায় মামলাটি দায়ের করেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *