গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৪ হাজার ৮১১ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৬৭০ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩১ হাজার ৯২৫ জনকে। এ পর্যন্ত টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন সর্বমোট ৫৭ লাখ ৪২ হাজার ৮০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৪১৭ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬৩৩ জন। এ ছাড়াও টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৫৭ লাখ ৪২ হাজার ৮০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা প্রতিরোধে দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৯০১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩০ লাখ ৯৪ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় রয়েছেন। গত একদিনে ১৬১ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন এক হাজার ৬৪ শিক্ষার্থী।

প্রসঙ্গত, ১ নভেম্বর, ২০২১ সাল থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তখন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি, কিন্তু সীমিত আকারে ৷ টিকাদান কার্যক্রম যত সফল হবে তত দ্রুত স্কুলে পাঠদান কার্যক্রম চালু করতে পারব ৷ আমরা আশা করছি, নতুন বছরের শুরু পর্যন্ত টিকাদান কার্যক্রমে অনেক দূর এগিয়ে যাবে সে সঙ্গে শিক্ষা কার্যক্রমও চালু করতে পারব ৷’’ এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালু রেখে বর্তমানে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এদিকে করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *