রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৩০ সদস্যকে আটক করা হয়েছে।

আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‍্যাব–৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়। বেলা পৌনে ২টা পর্যন্ত এই অভিযান চলছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের নানান কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভাগিয়ে নিয়ে যাচ্ছে দালাল চক্র। এমন তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযান শুরু করা হয়। এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।

পলাশ কুমার বসু জানান, সরকারি হাসপাতালগুলোয় দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে কাজ করছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। যেসব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগীদের ভাগিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানকার চিকিৎসাসেবার মান অত্যন্ত নিম্ন। সেখানে ভুয়া পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় দালাল চক্র।

র‍্যাব–৩ জানায়, আগেও বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মাধ্যমে দালালদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে সুযোগ বুঝে দালাল চক্র আবার তৎপরতা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *