দেশের প্রতি ৫ লাখ মানুষের জন্য মাত্র একজন ডেন্টাল চিকিৎসক রয়েছে। যা মানুষের তুলনায় ডেন্টাল চিকিৎসকের সংখ্যা একেবারে নগণ্য বলে মন্তব্য করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির বুলবুল।

আজ রোববার (২০ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেল্থ দিবস উপলক্ষে ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত স্বাগত বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ডা. হুমায়ুন কবির বলেন, ‘আমরা ডেন্টাল কোর্সকে আন্তর্জাতিক মানের করতে সক্ষম হয়েছি। চার বছরের কোর্সকে পাঁচ বছরে উন্নীত করা হয়েছে। কিন্তু একটি উপজেলায় ৫ লক্ষ মানুষের জন্য একজন ডেন্টাল সার্জন। যা মানুষের তুলনায় একেবারে অপ্রতুল।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা এবং গবেষণার জন্য কোন ডেন্টাল বিশ্ববিদ্যালয় নেই। দেশে ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া এখন সময়ের দাবি।’

২০১৩ সাল থেকে ওয়ার্ল্ড ওরাল হেল্থ দিবসটি বাংলাদেশে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, জাতীয় সংসদের সদস্য ডা. হাবিবে মিল্লাত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. আবুল কাশেম, ডেন্টাল সোসাইটির সেক্রেটারি ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির বুলবুলসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *