ক্যান্সার মরণব্যাধি। এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছরই বহু মানুষ মারা যাচ্ছে। এই ক্যান্সার নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের মতে, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলাও সম্ভব। তবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত না করার কারণে এই রোগে মানুষের মৃত্যু বেশি।
নিঃশ্বাস পরীক্ষা করে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা যাবে ক্যান্সার। এমন তথ্য জানিয়েছেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল ক্যান্সার গবেষক। আপাতত এর কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল ক্যান্সার গবেষকেরা ১,৫০০ মানুষের নিঃশ্বাসের নমুনা সংগ্রহ করা শুরু করেছেন যার মধ্যে অনেকেই ক্যান্সারে আক্রান্ত। এই পরীক্ষা পদ্ধতিতে নিঃশ্বাসের পরীক্ষার পাশাপাশি রক্ত ও মূত্রের নমুনাও পরীক্ষা করে দেখা হবে।
ব্রিটিশ গবেষকরা জানাচ্ছেন, মানুষের শরীরের কোনো কোষে কোনো রকম রসায়নিক পরিবর্তন ঘটলে ‘ভোলাটাইল অরগ্যানিক কমপাউন্ডস’ নামে এক ধরণের অনু নিঃশ্বাসের মাধ্যমে নিঃসৃত হয়। তবে যদি শরীরে ক্যান্সার বাসা বাঁধে, সেক্ষেত্রে কোষের স্বাভাবিক ধরণে পরিবর্তন হয় এবং তার ফলে অন্য
রকমের অনু তৈরি হয় যা গন্ধের মাধ্যমে মস্তিষ্কে ভিন্ন বার্তা পাঠায়। তাই এই পরীক্ষা পদ্ধতি কাজে লাগিয়ে নিঃশ্বাসের বায়োপসি করে ক্যান্সার শনাক্ত করার উপায় খুঁজছেন ব্রিটিশ গবেষকরা।
তথ্যসূত্র: জিনিউজ।