ডা. জয়নাল আবেদিন টিটু : ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডাক্তারগণ তাদের প্রথম কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। সরকারি কর্মকর্তা হিসাবে আপনার প্রথম যোগদান বর্ণাঢ্য এবং স্মৃতিময় হয়ে থাকুক, এই কামনা করছি৷ আপনাদের আনন্দময় দিনে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে৷

১. যে উপজেলায় আপনার পদায়ন হয়েছে, আপনি সেই উপজেলার ইউএইচএফপিও সাহেবের ফোন নম্বর যোগাড় করুন৷ তাকে ফোন করে নিজের পরিচয় দিয়ে কথা বলুন৷ কোন তারিখে কয়টায় আপনি যোগদান করতে চান, সেটা তাকে জানান৷
আপনার উচিত হবে ইউএইচএফপিও সাহেবের উপস্থিতিতে তার কক্ষে বসে যোগদান পত্র দাখিল করা। আগে থেকে কোনরকম যোগাযোগ না করে ইউএইচএফপিও সাহেবের অনুপস্থিতিতে যোগদান করাটা অসুন্দর দেখায়৷

২. যোগদানের দিন পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পরে যাবেন৷ যদি দাড়ি রাখেন, তাহলে সেটা পরিপাটি করে রাখুন৷ আর যদি দাড়ি না রাখেন, তাহলে ভাল ভাবে শেভ করে যাবেন৷

৩. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে সবার আগে ইউএইচএফপিও সাহেবের রুমে প্রবেশ করে আপনার যোগদান করার ইচ্ছা তাকে জানান৷

৪. প্রথমবার সচিব বরাবর যোগদান করলেও এবার আপনি যোগদান পত্র দাখিল করবেন ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ বরাবর৷ এবারের যোগদান পত্রের সাথে নিম্নলিখিত কাগজগুলো ১০ কপি করে লাগবে৷
ক) ইউএইচএফপিও বরাবর যোগদানপত্র৷
খ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগাদেশ/ প্রজ্ঞাপন (নিয়োগের গেজেট হিসাবে পরিচিত) -এর ফটোকপি৷ এ প্রজ্ঞাপনের ১ম পৃষ্ঠা, যে পৃষ্ঠায় আপনার নাম আছে, সেই পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা, কমপক্ষে এই তিনটি পৃষ্ঠা থাকা উচিত৷ ১ম পৃষ্ঠায় নিয়োগ দানকারী মন্ত্রণালয়ের নাম এবং স্মারক নম্বর থাকে৷ শেষ পৃষ্ঠায় স্মারক নম্বর থাকে, এবং সরকারের পক্ষে যিনি প্রজ্ঞাপন জারি করেছেন, তার নাম, পদবী এবং সিগনেচার থাকে৷
গ) ০৮/১২/২০১৯ তারিখে আপনি মন্ত্রণালয়ে যোগদান করেছেন, সেই যোগদানপত্রের কপি৷
ঘ) আপনার পদায়নের আদেশ, যে আদেশে আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা উপ-স্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করা হয়েছে৷ পদায়নের আদেশের ১ম পৃষ্ঠা, যে পৃষ্ঠায় আপনার নাম লেখা আছে, সেই পৃষ্ঠা, এবং শেষ পৃষ্ঠা, কমপক্ষে এই তিনটি পৃষ্ঠা৷
ঙ) আপনার জাতীয় পরিচয়পত্র৷
চ) আপনার এস.এস.সি সার্টিফিকেট, যা আপনার বয়সের প্রমাণক৷
ছ) আপনার এমবিবিএস উত্তীর্ণদের সার্টিফিকেট, যার কারণে আপনি মূল বেতনের সাথে একটি ইনক্রিমেন্ট বেশি পাবেন৷
জ) আপনার ইন্টার্নশীপ ট্রেনিংয়ের সার্টিফিকেট৷
ঝ) আপনার বিএমডিসি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, যার কারণে আপনি মূল বেতনের সাথে আরও একটি ইনক্রিমেন্ট বেশি পাবেন৷
ঞ) আপনার সম্পদ এবং সম্পত্তির বিবরণী৷
ট) আপনি এবং আপনার পরিবারের সদস্যরা কখনও কোনদিন যৌতুক নিবেন না বা দিবেন না, এইমর্মে ৩০০ টাকার রেভেনিও স্ট্যাম্পে লিপিবদ্ধ অঙ্গীকারনামা৷
ইউএইচএফপিও সাহেব আপনার যোগদানপত্রে স্বাক্ষর করার পর আপনার যোগদান পর্ব শেষ হল৷

৫. আপনার কী করণীয় এ ব্যাপারে ইউএইচএফপিও সাহেবের কাছ থেকে ব্রিফিং নিন৷ তিনি আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা৷ সরকারের কর্মসূচী বাস্তবায়ন করার জন্য, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পরিচালনা করার জন্য এবং সবার কাছ থেকে কাজ আদায় করার জন্য তিনিই সরকারের প্রতিনিধি৷

৬. আপনি আপনার কর্মস্থলে অবস্থান করুন৷ আপনার জন্য খাট পালংক, চেয়ার টেবিল আলমারি কোন কিছুই বরাদ্দ নেই৷ যোগদানের পর ভাল মানের খাট, পড়ার জন্য চেয়ার, টেবিল নিজের ব্যক্তিগত ব্যবহারের আলমারি নিজের টাকায় কিনে নিন৷ মর্যাদাসম্পন্ন মানুষ যে মানের আসবাবপত্র ব্যবহার করে, আপনি সেই মানের আসবাবপত্র ক্রয় করুন৷ কয়েকজন মিলে পড়াশোনার গ্রুপ তৈরি করে নিন৷ সময়টা ভাল কাটবে৷

৭. সঠিক সময়ে কর্মস্থলে হাজির হবেন, আপনার উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করবেন৷ নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করবেন না৷

৮. রোগীদের সাথে উত্তম আচরণ করবেন৷ আপনি বা আপনার পিতামাতা অসুস্থ হলে যে আচরণ আপনি আশা করতেন৷ সেই আচরণ৷ এটা আপনার নৈতিক দায়িত্ব৷

৯. যারা সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তাদেরকে ছোট মনে করবেন না৷ তারা বিনা পয়সায় চিকিৎসা নেয় না৷ জনগণের পক্ষ থেকে সরকার তার নিযুক্ত কর্মকর্তা কর্মচারীকে বেতন পরিশোধ করে৷

১০. ডায়াগনস্টিক সেন্টার যতই হাতছানি দিক, কখনোই অফিস সময়ে বাইরে গিয়ে আল্ট্রাসনোগ্রাফি বা অন্য কোন কর্ম করবেন না, এটা অন্যায়৷ নিশ্চিত থাকুন, অন্যায় করে বিপদে পড়লে আপনার সাহায্যে কেউ এগিয়ে আসবে না৷

১১. সহকর্মী ডাক্তার, নার্স এবং অন্য সকল কর্মচারীদের সাথে সদ্ভাব বজায় রাখবেন৷ কারও সাথে বিবাদে জড়ালে তা নিজের জন্য ক্ষতির কারণ হয়৷

১২. অন্যান্য অফিসের এবং স্থানীয় জনগণের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখলে তা আপনার সম্মান এবং শক্তি উভয়টিই বৃদ্ধি করবে৷

১৩. ওষুধ কোম্পানির সাথে বা স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের সাথে বেশী জড়াবেন না৷

ডা. জয়নাল আবেদিন টিটু
সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন,
সদস্য, বিসিএস (হেলথ) অফিসার’স এসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *