পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গরমের প্রভাব ও দূষিত পানির কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালে ডায়রিয়ার রোগীদের চাপ বেড়ে যাওয়ায় সিট সংকটের কারণে ফ্লোরে থেকেই চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।
বৃহস্পতিবার পর্যন্ত ওই হাসপাতালে ৩৭ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন যার মধ্যে ১৮ জনই শিশু এবং তাদের বয়স ১ থেকে ৩ বছরের মধ্যে। বৃদ্ধ রোগী রয়েছেন ১১ জন বাকিরা মধ্য বয়সী। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসাদুজ্জামান জানান, এই ৫০ বেডের হাসপাতালের ৩১ বেডের ভবনটি পুরোনো হওয়ায় সেটাকে ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ১৯ বেডে চলছে ৫০ বেডের কার্যক্রম। গত দুই দিন ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফ্লোরে রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, হঠাৎ করে গরম বেড়ে যাওয়া ও দূষিত পানি পান এবং ব্যবহারের কারণেই এই প্রকোপ বেড়ে গেছে। এলাকার পোল্ট্রি ফার্মের বর্জ্য পানিতে ফেলা এখানকার পানি দূষিত হওয়ার একটা বড় কারন। হাসপাতালে এখন পর্যন্ত রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ রয়েছে বলে জানান তিনি।