দেশের আটটি পুরনো মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি করে আধুনিক ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস সায়েন্টিফিক সেমিনারে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে গেছে। এখন সময় এসেছে মানোন্নয়নের। সেবার পাশাপাশি স্বাস্থ্যশিক্ষার মান আরও উন্নত করতে চাই। এর অংশ হিসেবে পুরনো মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য দুটি করে আধুনিক নতুন ভবন নির্মাণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এরই মধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই, একটি মানুষও যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশের মানুষ অনেক কিছু পাচ্ছে। কেউ শিক্ষার বাইরে নাই। প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ পৌছে গেছে।’

সরকারের আরও কিছু পরিল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যকে আরও শক্তিশালী করা হবে। এটি নিশ্চিত হলে জনগণকে অনেক রোগ থেকে সুরক্ষা দেওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। পোলিওসহ অন্যান্য সংক্রামক ব্যাধিগুলো নিয়ন্ত্রিত আছে। কিন্তু ক্যান্সার, কিডনি ও হার্টের রোগ বেড়ে যাচ্ছে। সরকার এখন সে দিকে মনোনিবেশ করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *