বাংলাদেশে বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দন্ত চিকিৎসক ডাঃ উর্বি ইসলাম। সোমবার রাতে রাজধানীর আইসিসিবি’তে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রায় আট হাজার নারী এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে ৫০০ প্রতিযোগীকে বাছাই করে, প্রাথমিক অডিশনের মধ্য দিয়ে প্রায় ২০০ প্রতিযোগী টিকে ছিল। কয়েকটি ধাপ পেরিয়ে ১০০ জনকে নিয়ে শুরু হয় মূল আয়োজন। সেরা এগারো প্রতিযোগী নিয়ে হয় চূড়ান্ত পর্ব। চ্যাম্পিয়ন হওয়া উর্বি ইসলাম ডিসেম্বরের শেষের দিকে চায়না’তে অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাইওনিয়ার ডেন্টাল কলেজের ১৮তম ব্যাচের সাবেক এ শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে ইংরেজী সংবাদ পাঠক এবং উপস্থাপিকা হিসবে কাজ করছেন। এছাড়া তিনি ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করছেন।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, ‘বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।’

এই প্রতিযোগিতায় শুরু থেকে অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনে বিচারক হিসেবে ছিলেন, অভিনেতা ও পরিচালক শহীদুল আলম সাচ্চু, আবদুন নুর তুষার, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, গ্রুমিং ইন্সট্রাক্টর কৃষান ভূইয়া, চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাহারা মিতু, উপস্থাপিকা ইসরাত পায়েল, মডেল অভিনেতা অন্তু করিম, ফারহানা আফরিন ঐশী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *