করোনা মহামারি থেকে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার সন্ধ্যায় আসার কথা থাকলেও আসছে না।

তবে বুধবার একই সময়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। এ ছাড়া চীনের ২০ লাখ টিকাও আজ আসবে কিনা নিশ্চিত নয়। এ তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। সোমবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাইজারের টিকা আসার সময় কিছুটা পরিবর্তন হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল, তা আজ না এসে বুধবার দেশে পৌঁছাবে।

এ ছাড়া আজ রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে কিনা সেটিও পরে জানানো হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসার কথা জানিয়েছিল। এমনকি টিকাগুলো বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গ্রহণ করবেন বলেও জানানো হয়েছিল।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *