বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন। সোমবার সকালে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

তিনি সোসাইটি অব ল্যাপারোসকপিক সার্জারি বাংলাদেশের কোষাধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশন অব ব্রেস্ট সার্জনস অব বাংলাদেশ (এবিএসবি) এর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮৪-৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট মেডিকেল কলেজের সভাপতি এবং সিলেট ইউথ জেসিসের সভাপতির দায়িত্ব পালন করেছেন এ চিকিৎসক সংগঠক ।

অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক। এছাড়াও বিএমএ কেন্দ্রীয় কমিটির নির্বাচিত কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে স্বাচিপের নির্বাচন কমিশনার ছিলেন এবং বিএমএ জার্নালের প্রাক্তন সম্পাদক ছিলেন।

বরেণ্য এ চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও ধানমণ্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এক নজরে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন

অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ১৯৬২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। তার পিতার নাম মরহুম ছমির উদ্দীন আহমদ। মাতার নাম সায়রা আহমেদ। তার সহধর্মিনী হলেন হাবিবা আক্তার।

স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ১৯৮৫ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০০০ সালে তিনি বিসিপিএস থেকে এফসিপিএস (সার্জারি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ গ্লাসগো থেকে এফআরসিএস এবং যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।

তার ৯টি গবেষণাপত্র ও ৪১টি নিবন্ধ দেশি বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১৯৮৬ সালে সহকারী সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে ২০ বছর। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭১টি সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *