রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোয় জুলাই ২০২১ সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড, ডিপ্লোমাসহ বিভিন্ন কোর্সে ১ হাজার ৮৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। বিএসএমএমইউর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএমএমইউ এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোয় জুলাই ২০২১ সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড, ডিপ্লোমা কোর্সগুলোয় ভর্তির জন্য সরকারি, বিএসএমএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও বেসরকারি কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১ হাজার ৮৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হলো। বেসরকারি প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ১৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে। সরকারি ও বিএসএমএমইউ প্রার্থীদের ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানে ১৪ আগস্ট থেকে ছুটি বা প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে। সব কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি ও রেজিস্ট্রেশন ফি–সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে।

মূল মাইগ্রেশন সনদসহ নিম্নবর্ণিত কাগজপত্র ও পাসপোর্ট সাইজের ছবি ভর্তির সময় প্রার্থীর কাছ থেকে জমা নিতে হবে—
১. নির্বাচিত তালিকায় প্রার্থীর নামসংবলিত অংশ বিএসএমএমইউর ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে প্রার্থীর নামসংবলিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা সংগ্রহপূর্বক জমা দিতে হবে।
২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি।
৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদের অনুলিপি।
৫. বিএমডিসি বা বিএনসি কর্তৃক প্রদত্ত হালনাগাদ রেজিস্ট্রেশন সনদের অনুলিপি।
৬. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
৭. মূল মাইগ্রেশন সনদের অনুলিপি।
৮. মূল মাইগ্রেশন সনদ (প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য)।
৯. মূল মাইগ্রেশন সনদের স্ক্যান কপি (নিজ নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করার জন্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *