রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজনের তথ্যটি মিথ্যা ও গুজব বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ্ স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিগত কয়েকদিন থেকে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
তবে এটি অসত্য ও গুজব জানিয়ে এতে আরও বলা হয়ছে, ‘এ ধরনের খবর একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তি মূলক। নিটোর একটি সনামধন্য জাতীয় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান থেকে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি এবং এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতাও নেই।’
এ অবস্থায় জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।