বিনা মূল্যে আরো ৩৯ জন দরিদ্র চক্ষু রোগীর চোখে অপারেশন করেছে মানবতার সেবায় কাজ করা চিকিৎসাপ্রতিষ্ঠান বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ সেন্টার। হাসপাতালের একদল চিকিৎসক গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছুটে যান কুষ্টিয়ার প্রত্যন্ত হরিনারায়ণপুর এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরে নানা ধরনের চোখের সমস্যায় ভুগছিলেন এক হাজার ৩২০ জন মানুষ। যাদেরকে তাত্ক্ষণিক চিকিৎসা ও পরামর্শ সেবা দেন বসুন্ধরা আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্থানীয় দরকাদাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ কাজে সহায়তা করে।

এর মধ্যে ২৮২ জনের চোখে অপারেশনের প্রয়োজন হয়। ফলে তাঁদের ঢাকায় নিয়ে এসে অপারেশনসহ অন্যান্য চিকিৎসার উদ্যোগ নেয় বসুন্ধরা আই হসপিটাল কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপে গত ১১ ডিসেম্বর ৩৯ জন রোগীর চোখে অপারেশন করা হয়। দ্বিতীয় ধাপে গতকাল বুধবার আরো ৩৯ জন রোগীর চোখে অপারেশন করা হয়েছে। গতকাল অপারেশন হওয়া এই রোগীদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৭ জন নারী।

অপারেশন পরিচালনা করেন বসুন্ধরা আই হসপিটালের পরিচালক খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ ছালেহ আহমদ। তাঁর সঙ্গে ছিলেন ডা. আবুল কালাম আজাদ, ডা. মৌটুসি ইসলাম ও ডা. রুবিনা আক্তারসহ অন্য চিকিৎসকরা।

অধ্যাপক ডা. ছালেহ আহমদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষের সেবায় কাজ করে আসছি। বহু স্থানে দলবেঁধে গিয়ে বিনা মূল্যে আই ক্যাম্প পরিচালনা করছি। যাদের তাত্ক্ষণিক জটিল চিকিৎসা করা যায় না তাদের আমরা ঢাকায় নিয়ে এসে চোখে অপারেশন করে দিই। আর এর সবটাই করা হয় বিনা মূল্যে।’

বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপক আহসান হাবীব বলেন, ‘পর্যায়ক্রমে কয়েক দিন পর পর আমাদের এই হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে দরিদ্র রোগীদের এনে বিনা মূল্যে চোখের অপারেশন করে দেওয়া হয়। এই রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার খরচ আমরাই বহন করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *