ডা. মুহাম্মাদ আনিসুর রহমান : আপনি কি বিয়ের পরিকল্পনা করছেন? কিংবা শেষ মুহূর্তে বিয়ের কেনাকাটা, ভেন্যু ঠিক করা, আত্মীয়-স্বজনদের দাওয়াত করা, হানিমুন পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন? তাহলে এর সাথে সেরে ফেলতে পারেন আপনার নিজের এবং হবু স্বামী/স্ত্রীর মেডিকেল পরীক্ষা বা প্রি-মেরিটাল চেকআপ৷ কারণ, এটি আপনাদের দাম্পত্য জীবনে স্বাস্থ্যগত পরিকল্পনা গ্রহনে অনেক সহায়ক হবে৷
মেডিকেল পরীক্ষা কেন করাবেন?
প্রি-মেরিটাল চেকআপের দ্বারা আপনি নিজের ও ভবিষ্যত সঙ্গীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন ৷ যা আপনাদেরকে স্বাস্থ্যসম্মত ও সুখী দাম্পত্য জীবনের জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহন ও লাইফস্টাইল নির্বাচনে সহায়তা করবে৷ এমন কি কিছু ক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সাহায্য করবে৷
যেসব স্বাস্থ্য পরীক্ষা করাবেন
Blood grouping & Rh typing: এই পরীক্ষার দ্বারা দুজনের রক্তের গ্রুপ ও রেসাস ফেক্টর (Rh factor) সম্পর্কে জানা যাবে৷ যদি রক্তে নেগেটিভ রেসাস ফেক্টর থাকে তাহলে সন্তান গ্রহনের সময় অতিরিক্ত সতর্কতা গ্রহনের বিষয়টি পূর্বেই অবগত হতে পারবেন৷ যেমনঃ পিতার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় ও মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে প্রথম সন্তান জন্মের পর মাকে একটি এন্টি-ডি ইঞ্জেকশন দিতে হবে৷ অন্যথায় পরবর্তী সন্তানদের বিভিন্ন রোগে আক্রান্ত হবার বা মৃত্যুর ঝুঁকি থাকে৷
Hb Electrophoresis: এ পরীক্ষাটির দ্বারা রক্তের হিমোগ্লোবিনের জিনগত কোন সমস্যা বা থ্যালাসেমিয়া আছে কিনা তা জানতে পারবেন৷ পাত্র-পাত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তানরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা বেশি৷ এক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ থাকে৷
HBsAg: এ পরীক্ষার দ্বারা দেহে হেপাটাইটিস-বি এর উপস্থিতির বিষয়টি জানতে পারবেন৷ এর ফলে পূর্ব সতর্কতা ও চিকিৎসা গ্রহন করতে সহায়ক হবে৷ কেননা হেপাটাইটিস-বি ভাইরাসটি যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে৷
Anti-HCV: এ পরীক্ষার দ্বারা দেহে হেপাটাইটিস-সি এর উপস্থিতির বিষয়টি জানতে পারবেন৷ এর ফলে পূর্ব সতর্কতা ও চিকিৎসা গ্রহন করতে সহায়ক হবে৷ কেননা হেপাটাইটিস-সি ভাইরাসটিও যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে৷
Anti-HIV 1 & 2: এ পরীক্ষার দ্বারা দেহে HIV ভাইরাসের উপস্থিতির বিষয়টি জানতে পারবেন, যা AIDS আক্রান্ত হবার কারণ৷ এটিও যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে৷
VDRL: এর দ্বারা সিফিলিসে আক্রান্ত কিনা জানা যাবে৷ সিফিলিস যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে৷
TORCH: এর দ্বারা টোক্সোপ্লাজমা পরজীবি, রুবেলা ভাইরাস, সাইটোম্যাগালো ভাইরাস, হারপিস ভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যাবে৷ যা অনাগত বাচ্চার জন্মগত ত্রুটির কারণ হতে পারে৷ তবে এ পরীক্ষাটি কিছুটা ব্যয়বহুল৷
USG of Pelvic region: এটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ এর দ্বারা জননাঙ্গের বিভিন্ন রোগ সম্পর্কে ধারনা পাওয়া যায়৷ ফলে পূর্বেই চিকিৎসা নেয়া সম্ভব হয়৷