ভারতে দিন কয়েক আগেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশ নিচেই ঘোরাফেরা করছিল। গতকাল তা একলাফে অনেকটা বাড়ে। আজও ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের উপরেই, যা বেশ চিন্তায় ফেলছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪১ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে সামান্য কম হলেও গত কয়েক দিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭২০ জন।

ভারতে আপাতত মৃতের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৯৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। গতকাল মহারাষ্ট্র সরকার পরিসংখ্যান সংশোধন করায় একদিনে প্রায় চার হাজার মানুষের মৃত্যুর খবর মেলে। সে তুলনায় আজ অনেকটাই কম দৈনিক মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন। অর্থাৎ অ্যাকটিভ কেস বেড়েছে কয়েক হাজার। এই নিয়ে দ্বিতীয় দিন অ্যাকটিভ কেস বড় আকারে বাড়ল। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩৯৪ জন, যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪ লাখ ২৯ হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *