মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার।

রোববার (২৯ ডিসেম্বর) বাদ আসর সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপরেই তার দাফন সম্পন্ন করা হয়।

এমপি ইউনুস আলীর জানাজায় অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মান্নান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম হিরু।

এর আগে সকালে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে ডা. মো. ইউনুস আলী সরকারের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় নিজ গ্রামের বাড়ি ভাতগ্রামে। এরপর বাড়ির উঠানে কিছুক্ষণ ইউনুস আলীর মরদেহ রাখা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
গত ২৭ ডিসেম্বর সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি ফুসফুসের ক্যান্সারসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইউনুস আলী ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী জলি বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুই ছেলের মধ্যে বড় ছেলে ড. ফয়সাল ইউনুস সরকার অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে কর্মরত। ছোট ছেলে পিয়াস সম্প্রতি এমবিএ সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *