মেডিকেল ও ডেন্টাল কলেজসহ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরের ক্লাস চালুকরণের বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) নোটিসটি প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে ০২/০৯/২০২১ তারিখে অনুষ্ঠিত সভায় আগামী ১৩/০৯/২০২১ তারিখ হতে সরকারি/বেসরকারি সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিম্নোক্ত বর্ষের ক্লাস সশরীরে শুরু করার সিদ্ধান্ত হয়।
এতে আরও বলা হয়েছে, সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালন করতে হবে:
ক. স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী হোস্টেল (প্রযোজ্য ক্ষেত্রে) ক্লাস শুরুর ৩ (তিন) দিন পূর্বে খুলে দিতে হবে;
খ. সশরীরে ক্লাস পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;
গ. শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যবিধির উপকরণসমূহ সহজলভ্যের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;
ঘ. ক্লাস শুরু করার ক্ষেত্রে শুরুতে ক্লাসের সংখ্যা ও সময় কম রাখা যেতে পারে;
ঙ. সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনে ক্লাস চলমান থাকবে;
চ. মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেল কলেজ ও অন্যান্য চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বে একটি গাইডলাইন পুস্তিকা আকারে প্রস্তুত করে সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করবেন; এবং
ছ. অধ্যক্ষগণ সশরীরে ক্লাস পরিচালনা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। এক মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে অন্যান্য সেশনের ক্লাস শুরুর বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত গৃহীত হবে।