রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যাএন্ড রাইটস (এফডিএসআর)।

আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপদে শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে নিজেদের ওপর হামলার প্রতিবাদে তাদের রাস্তায় নামতে হয়েছে। এমন তো হওয়ার কথা ছিল না।

তারা বলেন, মেধাবী মানুষগুলো দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে দিনের পর দিন কষ্ট করছেন। কিন্তু দেশদ্রোহী একটি চক্র চিকিৎসকদের ওপর হামলা করে দেশকে পেছনে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। এটা মেনে নেওয়া যায় না।

বিক্ষোভ সমাবেশে বক্তারা রংপুরে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ ইমরানের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ডা. অপূর্ব পণ্ডিত, ডা. দিবা মাহফুজা খানম, ডা. ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *