রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৮৫ জনের দেহে। এ সময়ের মধ্যে বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৭৯৬ জনের, যাতে শনাক্তের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। এ সময়ের মধ্যে বিভাগে করোনায় কেউ মারা যাননি।

আজ মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার বিভাগের আট জেলায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। তবে বিভাগে গতকাল কেউ মারা যাননি। রোববার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ১৬৫ জন রোগী। সেদিন দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ৬৪ জন, পঞ্চগড়ের ১৭ জন, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ১৮, কুড়িগ্রামের ৫, ঠাকুরগাঁওয়ে ৩১, দিনাজপুরে ৯২ ও গাইবান্ধার ২০ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০ জন।

বিভাগের আট জেলায় শনাক্তের হার ছিল রংপুরে ২৫ দশমিক ৪৯ শতাংশ, পঞ্চগড়ে ৩৭ দশমিক ৭৭, নীলফামারীতে ৩৫ দশমিক ৫১, লালমনিরহাটে ৪০, কুড়িগ্রামে ২০ দশমিক ৮৩, ঠাকুরগাঁওয়ে ৩৬ দশমিক শূন্য ৪, দিনাজপুরে ৫২ দশমিক ২৭ ও গাইবান্ধায় ৩২ দশমিক ২৫ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৩ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৩ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ১৮৬।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার নমুনা পরীক্ষাও বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে শনাক্তের সংখ্যাও। তাই ঘরে থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *