স্বাস্থ্য কর্মকর্তার চেয়ারে পাশেই লাল রঙের চেয়ারে লেখা ‘বীর মুক্তিযোদ্ধা’। চেয়ারটি মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের জন্য সংরক্ষিত। লাল রঙা সেই চেয়ারে বসিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধাদের দেন স্বাস্থ্যসেবা।

নিজের প্রতিটি কর্মক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মানে ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটিভিশারা গ্রামে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সামসুল হুদার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সায়েমুল হুদা ইতোপূর্বে সুনামগঞ্জের ধর্মপাশা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। বয়সে তরুণ চিকিৎসক সায়েমুল হুদা যেখানে পদায়ন হন, সেখানেই মুক্তিযোদ্ধাদের জন্য তার পাশে বিশেষ লাল চেয়ারের ব্যবস্থা করেন। সায়েমুল হুদার লাল চেয়ারের সম্মান পেয়ে খুশি মুক্তিযোদ্ধারা।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. মো. সায়েমুল হুদা বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা আজ স্বাধীন। তাদের প্রতি সম্মান জানাতেই আমার এই লাল চেয়ার। আমি চাই দেশের প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত থাকুক। এতে করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *