রাজশাহী মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২০ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেল্থ দিবস উপলক্ষে ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা হবে।

বিশ্ববিদ্যালয় হওয়ার আগে একটি ডেন্টাল ইনিস্টিউট স্থাপন হলে শিক্ষা এবং চিকিৎসার মান বাড়বে বলেও মত দেন তিনি।

জাহিদ মালেক বলেন, দাঁত শুধু দেহের সৌন্দর্য নয়। এটি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। তাই শুরু থেকেই দাঁতের যত্ন নেওয়া জরুরি। তামাকের কারণে মুখে এবং গলায় ক্যান্সার হয়। তাই তামাক পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, উপজেলা হাসপাতালে মাত্র একজন ডেন্টাল সার্জন রয়েছেন, প্রায় পাঁচ লাখ মানুষের জন্য একজন ডেন্টাল চিকিৎসকের জন্য চিকিৎসা চালিয়ে যাওয়া দুস্কর। তাই জনবল ও যন্ত্রপাতি আধুনিকায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেন্টাল চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দাঁতের যত্নে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।

তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে। সম্মুখ সারির প্রায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। দেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। তাই দেশের অর্থনীতিও ভালো রয়েছে। করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে। গত কয়েকদিন করোনায় মৃত্যু নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, জাতীয় সংসদের সদস্য ডা. হাবিবে মিল্লাত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. আবুল কাশেম, ডেন্টাল সোসাইটির সেক্রেটারি ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির বুলবুলসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *