শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) স্থাপন ও কোভিড-১৯ রোগীদের জরুরি সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংখ্যক কার্ডিয়াক মনিটর, ভেন্টিলেটর, হেমোডায়ালাইসিস মেশিন নিশ্চিত করাসহ নানা উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির এক সভায় এ সকল বিষয় বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

সভায় রোগীদের চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রিপ্রোডাকটিভ অ্যান্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগ, এ্যানেসথেশিয়া বিভাগ (আইসিইউ), শিশু নেফ্রোলজি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, কার্ডিয়াক সার্জারি বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, নিউরোলজি বিভাগ, এনাটমি বিভাগ ইত্যাদি বিভাগের আধুনিকায়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির নিশ্চিতকরণের বিভিন্ন প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও করোনাকালীন বাজার দরের কথা বিবেচনা করে দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের জন্য তাদের বেতনের হার বৃদ্ধি, বহির্বিভাগ ১ ও ২ এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণেরর কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

এতে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলার, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *