শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল গ্যাস্ট্রোলিভার চিকিৎসায় উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, হাসপাতালের সেবাগুলো যেন দেশের সর্বত্র পেতে পারে সেজন্য দেশের সব হাসপাতালেই এই চিকিৎসাসেবা দ্রুতই পৌঁছে দেওয়া হবে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে এর ইনডোর এবং এন্ডোস্কপি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পেটের পীড়ায় ভোগেন না দেশে এমন মানুষ পাওয়া কঠিন। ভেজালমিশ্রিত খাবারসহ ভাজাপোড়া খাবার খেয়ে দেশের লক্ষাধিক মানুষ গ্যাসট্রিকের সমস্যায় ভোগেন। এক্ষেত্রে গরিব মানুষদের অবস্থাই বেশি খারাপ।

মন্ত্রী বলেন, পেটে সামান্য কোনো গ্যাসট্রিকের সমস্যা হলেই মানুষ যত্রতত্র গ্যাসের ওষুধ কিনে খাচ্ছে। এসব সমস্যা সমাধান করতেই গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালটি প্রতিষ্ঠা করে দিয়েছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এই হাসপাতালে যে ধরনের চিকিৎসাসেবা রয়েছে তা গোটা উপমহাদেশের কোনো হাসপাতালে নেই। এই প্রতিষ্ঠান দেশের মানুষের চিকিৎসাসেবায় যথাযথভাবে কাজ করতে সর্বদা সচেষ্ট থাকবে।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. মাহামুদ হাসান, ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *