করোনা মহামারী সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সীদের চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার (১১ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থায় টিকা বিষয়ক উপদেষ্টারা এই সুপারিশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে সংস্থাটির টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বরাত দিয়ে বলা হয়, ষাটোর্ধ্ব যারা সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন তাঁদের তৃতীয় ডোজের টিকা নেওয়া উচিত।

তবে তাঁরা বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার ডোজ টিকা দেওয়ার সুপারিশ করছেন না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল তাঁদের ক্ষেত্রেই এই বুস্টার ডোজ টিকার সুপারিশ করা হয়েছে।

এসএজিই জানায়, সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে। তবে বিভিন্ন দেশে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এরপর বয়স ব্যক্তিদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা ভাবতে হবে।

এর আগে গত সপ্তাহে এসএজিই টিকা, কোভিড ১৯ ও অন্যান্য রোগ নিয়ে চার দিনের বৈঠক করেন। বৈঠক শেষে এসএজিই জানায়, যাদের রোগপ্রতিরোধক্ষমতা কম এবং যারা বয়স্ক তাঁরা করোনাভাইরাসে সংক্রমিত হলে ঝুঁকি বেশি থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *