সাতক্ষীরা মেডিকেল কলেজে ভারতীয় চিকিৎসকদের চিকিৎসা প্রদানের অনুমতি বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বিএমডিসির নীতি নির্ধারণী বোর্ডে এমন সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন শুক্রবার (২২ নভেম্বর) বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর এটি বাস্তবায়নও হয়ে গেছে।’
তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি গতকাল ই-মেইলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে।
দেশে পর্যাপ্ত চিকিৎসক থাকার পরও কেন বিদেশি চিকিৎসকদের সেবার অনুমতি প্রদান করা হয় জানতে চাইলে তিনি বলেন, ‘একজন স্থানীয় সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় ভারতীয় চারজন চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন। ব্যাপারটি নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সেবাদানের অনুমতি বাতিল করা হয়েছে।’
জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুর রহমান বলেন, ‘সাতক্ষীরা সদর আসনের সংসদ মীর মোস্তাক আহমেদ রবি সাহেবের তত্ত্বাবধানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বিএমডিসির আদেশের পর এটি বাতিল করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর (বুধবার) সাতক্ষীরা মেডিকেল কলেজে চার ভারতীয় চিকিৎসককে চিকিৎসা প্রদানের অনুমতি প্রদান করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এছাড়াও ৩০ নভেম্বর থেকে আগামী এক ডিসেম্বর পর্যন্ত কাজের জন্য তাদেরকে সাময়িক রেজিস্ট্রেশন প্রদান করা হয়।
বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষের আবেদনক্রমে ভারতের ব্যাঙ্গালোরের বেসরকারি কসাইস হাসপাতালের চার চিকিৎসককে অনুমতি দানে বিএমডিসি সম্মত হয়েছে। তবে তাদের দিয়ে চিকিৎসার ব্যাপারে প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায় কোনো ধরনের বিজ্ঞাপন দেয়া যাবে না। তাছাড়া এ চিকিৎসকরা যদি সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও চিকিৎসা দেয়, তবে তাদেরকে দেয়া এই অনুমতি এবং সাময়িক রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : মেডিভয়েস