হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের ছাদে সিগারেট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসেন হাসপাতালে ভর্তিকৃত রোগীরা। এ সময় ১০ রোগী আহত হন।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় আগুনের হাসপাতালের তৃতীয় তলার ছাদে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২০ মিনিটের মাঝে আগুন নিয়ন্ত্রণ করে দমকলবাহিনী।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, ‘তৃতীয় তলার ছাদে পরিত্যক্ত ফোমগুলো রাখা ছিল। কে বা কারা সিগারেটের আগুন সেগুলোতে ফেলে দিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের পরিত্যক্ত সাতটি ফোম পুড়ে যায়। পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের পাশেই শিশুদের স্পেশাল কেয়ার ইউনিট (স্ক্যানু) অবস্থিত।’