অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে আরও এক মাসের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া সেখানে আংশিক কারফিউ জারি করা হয়েছে। করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর এএফপির।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্ল্যাডিজ বেরেজিক্লিয়ান এক ঘোষণায় কঠিন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেখানকার জনসংখ্যা ৫০ লাখ। তিনি জনগণের উদ্দেশে বলেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে এমনটা করা এখন দরকার। তিনি আরও বলেন, করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। এ কারণে আগামী সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত লকডাউন চলবে।

করোনা মহামারির সময় সিডনিতে সংক্রমণের হার কম ছিল। তবে এখন সেখানে প্রতিদিন ৬০০ জনের বেশি করোনায় সংক্রমিত হচ্ছেন। সিডনিতে করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে।

সংক্রমণ রোধে সিডনিবাসীকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে। এ ছাড়া করোনা সংক্রমণের হটস্পট এলাকাগুলোয় রাতে কারফিউ জারি করা হয়েছে।
সিডনিতে বিধিনিষেধ বাস্তবায়নে প্রতিরক্ষা বাহিনীর প্রায় এক হাজার সদস্য পুলিশকে সহায়তা করবেন।

করোনার সংক্রমণ বাড়লেও অস্ট্রেলিয়ায় টিকা নেওয়ার হার কম। মাত্র ৩০ শতাংশ মানুষ দুই ডোজ টিকার আওতায় এসেছেন।

সিডনিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে নিউ সাউথ ওয়েলসের অন্যান্য এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়া ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সংক্রমণ বাড়ায় নিউ সাউথ ওয়েলসের সরকার সমালোচনার মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *