স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মানিকগঞ্জের সিদ্দিকনগর দরবার শরীফে বিশ্ব ইজতেমাসহ প্রতিমাসেই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে। সেসব মানুষের স্বাস্থ্য সেবাদানের জন্য পটল ময়দানে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।’
শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা তালিমে ইসলামের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার শেষ দিনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইজতেমা ও মাহফিলে নানা বয়সী লাখো মুসল্লিদের সমাগম ঘটে। এখানে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাই এখানে একটি হাসপাতালের খুবই প্রয়োজন। ’
এ সময় সাবেক প্রতিমন্ত্রী গোলাম ছারোয়ার মিলন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ইজতেমা পরিচালনা করেন পীরে কামিল ও মুকাম্মিল, আলহাজ হযরত মাওলানা ড. মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। গত ১ জানুয়ারি থেকে মানিকগঞ্জের দরবার শরীফের উদ্যোগে পটল ময়দানে চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়। শনিবার (৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *