চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহআলম খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী ওমারানা আজমিরী শিকদার কান্তা শনিবার মামলাটি দায়ের করেন। এদিকে ডা. শাহআলম হত্যার দুই দিন পরও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা গ্রামের মরহুম মাস্টার আজিজুল হকের ছেলে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহআলম সৌদি আরবে দীর্ঘ ৩০ বছর চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন ছিল দেশের শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার। সেই লক্ষ্যে গত বছর দেশে এসে নিজ বাড়ি ছোটকুমিরায় বেবি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক খোলেন তিনি। গত শুক্রবার সকালে ক্লিনিক থেকে মাত্র এক-দেড় কিলোমিটার দূরে ডা. শাহআলমের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

পরে শনিবার তাঁর লাশ দাফনের পর রাত ৯টার দিকে তাঁর স্ত্রী ওমারানা আজমিরী শিকদার কান্তা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। কান্তা বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি বুঝতে পারছি না।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, মামলায় নির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *