আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে দেশটির কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিলেও এবার স্বাস্থ্যসেবায় নিয়োজিত নারীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তালেবান।

শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় বিদ্রোহী গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কর্মরত নারীদের কর্মস্থলে ফিরে যেতে কোনও বাধা নেই।

এর আগে তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক বলেছিলেন, ইসলামি শরিয়া আইন অনুযায়ী তাদের সরকার পরিচালিত হবে এবং সেখানে নারীরা শিক্ষা ও চাকুরির সুযোগ পাবে। তবে তিনি একথাও বলেছিলেন, শরিয়া আইনে নারীকে যতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে তারা ততটুকু স্বাধীনতাই ভোগ করবে।
তালেবানের পক্ষ থেকে সম্প্রতি আরও জানানো হয়েছিল, নারীদের ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত তারা যেন কর্মস্থলে ফিরে না যায়। তবে স্বাস্থ্যখাতে নারী চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের অনুপস্থিতিতে দৃশ্যত মারাত্মক সমস্যা তৈরি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে এই খাতে কর্মরত নারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাল তালেবান।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। তারা কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর তালেবান প্রায় গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও এখনও তারা কোনও সরকার গঠন করেনি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *